কালীঘাট কাণ্ডে তোলপাড়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও মামলা! – বর্তমান বাংলা

সাংসদের বাড়ির সামনে সংঘর্ষ ও ইটবৃষ্টি: গ্রেপ্তার ৩, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক
নিজস্ব প্রতিবেদন: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে শুক্রবার রাতে তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ১৬৩ ধারা অমান্য করে জমায়েত এবং পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে তাঁর বাড়ির সামনে দুই দলের কর্মীদের মধ্যে দফায় দফায় বচসা ও সংঘর্ষ বাধে। অভিযোগ, ওই সময় সাংসদের বাড়িতে ইটবৃষ্টি করা হয় এবং জন্মদিন উপলক্ষ্যে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলা হয়। এতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়েছেন।
পুলিশ জানায়, সংঘর্ষের সময় এক মহিলা বিজেপি কর্মীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে মহম্মদ তৌকির আলম, মহম্মদ ইরশাদ (টিপু) ও শ্রীদীপ দাস নামে তিনজনকে একবালপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতরা তৃণমূল কর্মী। এছাড়া সাংসদের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় বিজেপি সমর্থকদের বিরুদ্ধেও একটি পৃথক মামলা রুজু করা হয়েছে।
ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ তিনি লেখেন, “যে দুষ্কৃতীরা আমার বাড়িতে হামলা চালিয়েছিল, তারা ঘুরে বেড়াচ্ছে। অথচ যারা হামলায় আহত হয়েছিলেন, তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।” তিনি পুলিশকে ‘রয়্যাল স্ক্যান্ডাল স্কোয়াড’ বলে কটাক্ষ করেন।
পুলিশ জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত কালীঘাট থানায় চারটি এফআইআর রুজু হয়েছে। এর মধ্যে দুটি স্বতঃপ্রণোদিত মামলা। প্রথমটি ১৬৩ ধারা লঙ্ঘন করে রাস্তা আটকে বিক্ষোভের অভিযোগে স্বয়ং সাংসদের বিরুদ্ধে এবং দ্বিতীয়টি কর্তব্যরত পুলিশকর্মীকে চড় মারার ঘটনায়। তবে চড় মারার অভিযোগে কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি।
প্রসঙ্গত, এই ঘটনার কয়েকদিন আগেই নিজ বাসভবনের সামনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের ঘোরাফেরা নিয়ে আশঙ্কা প্রকাশ করে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের হামলার ঘটনার পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।