কানাডায় অকালে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত পুলিশ অফিসারের!
June 11, 2026
কানাডার অন্টারিও প্রদেশে কর্তব্যরত অবস্থায় ১৮ বছর বয়সী এক দুষ্কৃতীর গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ২৯ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত পুলিশ কনস্টেবল তরুণ বালি। মানসিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ওই যুবককে ধাওয়া করার সময় তিনি এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশি অভিযানে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে হত্যা ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কনস্টেবল তরুণ বালির আকস্মিক মৃত্যুতে কানাডা পুলিশ গভীর শোক প্রকাশ করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা এক বিবৃতিতে তাঁর সাহস ও নিষ্ঠার প্রশংসা করে জানিয়েছেন, মানুষের সেবায় তাঁর আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।