কলেজ স্ট্রিটের পথে ছাত্রছাত্রীরা, প্রতিরোধের ডাক দিলেন বিশিষ্টজনেরা! – বর্তমান বাংলা

কলেজ স্ট্রিটের পথে ছাত্রছাত্রীরা, প্রতিরোধের ডাক দিলেন বিশিষ্টজনেরা! – বর্তমান বাংলা

শিক্ষাঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপ ও বহিষ্কারের প্রতিবাদে সরব বিশিষ্টজনেরা

নিজস্ব প্রতিবেদন: শিক্ষাঙ্গনে রাজনৈতিক ফতোয়া এবং বিদ্যাচর্চার ওপর আক্রমণের অভিযোগ তুলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এর সাম্প্রতিক পরিস্থিতির বিরুদ্ধে বৃহত্তর ছাত্র আন্দোলনের ডাক দিলেন বিশিষ্টজন ও পড়ুয়ারা। সোমবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাইরে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির (এপিডিআর) আয়োজিত এক প্রতিবাদসভায় এই ডাক দেওয়া হয়।

উক্ত সভায় ইতিহাসবিদ গৌতম ভদ্র ভয়ের পরিবেশ কাটিয়ে মাথা তুলে প্রতিবাদের আহ্বান জানান। সমাজতত্ত্ববিদ পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো বার্তাতেও শিক্ষাঙ্গনে বর্তমানে যে ‘কদর্য আক্রমণ’ ও ফতোয়া চলছে, তার তীব্র প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে। সভায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্মাল্যনারায়ণ চক্রবর্তীর পুত্র তথা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র অর্ক সেন চক্রবর্তীও উপস্থিত থেকে কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরোধিতা করেন। তিনি শিক্ষাঙ্গনে রাজনৈতিক চাপের অভিযোগ তুলে গেরুয়াকরণের বিরুদ্ধে সরব হন।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্রী অলিভিয়া সভায় পুনরায় নিজের অবস্থান স্পষ্ট করেন। তাঁর দাবি, এবিভিপি-র একটি পোস্টারে স্বামী বিবেকানন্দের ছবি ব্যবহারের মাধ্যমে রাজনৈতিক বিতর্ক তৈরির চেষ্টা করা হয়েছিল। অলিভিয়া জানান, ওই পোস্টারে ‘ধর্ষক’ শব্দটি তিনি লিখেছিলেন ছাত্র সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে, স্বামী বিবেকানন্দকে অপমান করার উদ্দেশ্যে নয়। তিনি আরও দাবি করেন, যে অন্য ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে, তিনি এই লেখার সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। অলিভিয়া প্রেসিডেন্সি কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটিকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে অভিহিত করেন।

অন্যদিকে, এসআরএফটিআই-এর সাম্প্রতিক গোলমাল ও বহিষ্কারের প্রসঙ্গ তুলে আন্দোলনরত পড়ুয়ারা জানান, গত ২৭ সেপ্টেম্বর ও ৪ অক্টোবরের ঘটনার পর থেকে অনির্দিষ্টকালীন অবস্থান এবং ১১ ডিসেম্বর পর্যন্ত পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে ছয় পড়ুয়াকে বহিষ্কারের প্রতিবাদে সরব হয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তনীরা।

এই পরিস্থিতির প্রেক্ষিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য জানিয়েছেন, স্বামী বিবেকানন্দ বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বদের অপমান করা হলে তার বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ নিতে হবে।

যাদবপুর থেকে এসআরএফটিআই ও প্রেসিডেন্সি—রাজ্যের বিভিন্ন শিক্ষাক্ষেত্রে পরিকল্পিত আক্রমণ হচ্ছে বলে সভায় অভিযোগ তোলা হয়। সুস্থ ও উন্মুক্ত বিদ্যাচর্চার পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এদিনের প্রতিবাদ কর্মসূচি থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *