কলকাতা মেট্রো স্টেশন ও রাস্তার নাম বদলের উদ্যোগ, বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

রাজ্য সরকারের গঠিত একটি বিশেষ কমিটি কলকাতা মেট্রোর বেশ কয়েকটি স্টেশনের নাম পরিবর্তনের পরিকল্পনা করছে। কমিটির সদস্যদের মতে, বর্তমান নামগুলির কারণে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। তাই স্টেশনগুলি যে এলাকায় অবস্থিত, সেই এলাকার নামানুসারেই নতুন নামকরণের প্রস্তাব মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যজুড়ে বিভিন্ন রাস্তা ও স্থানের নাম পরিবর্তনের বিষয়টি তদারকি করার জন্য দুই মাস আগে এই কমিটি গঠন করা হয়। শুক্রবার কলকাতা পৌরসংস্থায় স্বামী প্রদীপ্তানন্দের নেতৃত্বে কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেট্রো স্টেশনের পাশাপাশি শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তনের বিষয়টিও উঠে আসে। তালিকায় রয়েছে লেনিন সরণি, বিশ্ব বাংলা সরণি এবং স্ট্র্যান্ড রোড। বিশ্ব বাংলা সরণির নাম বদলে ‘সত্যেন বসু সরণি’ এবং স্ট্র্যান্ড রোডের নাম ‘সম্রাট শশাঙ্ক সরণি’ রাখার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া হো চি মিন সরণির নাম পরিবর্তনের বিষয়টিও কমিটির বিবেচনায় রয়েছে।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, স্টেশনের নামকরণের ক্ষেত্রে তাদের সরাসরি কোনো ভূমিকা নেই। রাজ্য সরকারের প্রস্তাবের ভিত্তিতে রেল বোর্ড আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। এ বিষয়ে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, তারা এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য পাননি। কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, মোট ২৪টি রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব এসেছে। আগামী ৯ ডিসেম্বর পরবর্তী বৈঠকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *