কর্মীদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা!
বিধানসভা নির্বাচনে কামারহাটিতে তৃণমূল কংগ্রেসের সাফল্যের রেশ কাটতে না কাটতেই পদত্যাগ করলেন পুরসভার পুরপ্রধান গোপাল সাহা। শুক্রবার নিজের এক প্রতিনিধির মাধ্যমে পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। ভোটের এমন সাফল্যের আবহে পুরপ্রধানের এই আকস্মিক পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা তৈরি হয়েছে। এ বিষয়ে গোপাল সাহা সংবাদমাধ্যমের সামনে কোনো কারণ বা বক্তব্য প্রকাশ করেননি।
তবে স্থানীয় সূত্রে খবর, কামারহাটি পুরসভার অস্থায়ী কর্মীরা বেশ কিছুদিন ধরে বেতন বৃদ্ধি ও বকেয়া মজুরির দাবিতে লাগাতার বিক্ষোভ চালিয়ে আসছিলেন। পুরসভার অন্দরে চলা এই তীব্র অসন্তোষ এবং কর্মীদের আন্দোলনের চাপের কারণেই তিনি পদত্যাগ করেছেন কি না, তা নিয়ে চলছে নানা গুঞ্জন। নির্বাচনের এই জয়ের মরসুমে পুরপ্রধানের ইস্তফা নিয়ে তৃণমূলের অভ্যন্তরেও অস্বস্তি তৈরি হয়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।