এবার রান্নার গ্যাসের eKYC-র মেয়াদ বাড়ল ৭ সেপ্টেম্বর পর্যন্ত! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
রান্নার গ্যাসের বেআইনি ব্যবহার ও ভুয়া সংযোগ রুখতে গ্রাহকদের eKYC প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা ফের বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া শেষ করা যাবে।
কেন এই eKYC প্রক্রিয়া? বাণিজ্যিক সিলিন্ডারের (১৯ কেজি) চেয়ে গৃহস্থের ১৪.২ কেজির সিলিন্ডারের দাম কম। অভিযোগ ওঠে, সস্তার এই গৃহস্থ সিলিন্ডার বেআইনিভাবে রেস্তোরাঁ ও হোটেলে ব্যবহার করা হচ্ছে। এছাড়া অনেকের কাছে একাধিক সংযোগও রয়েছে। সঠিক গ্রাহক চিহ্নিত করতেই তিন বছর আগে তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা eKYC বাধ্য করার প্রক্রিয়া শুরু করে। এই প্রক্রিয়া না সারলে বাজারদরে সিলিন্ডার কিনতে হতে পারে—এমন জল্পনাও রয়েছে। বর্তমানে এইচপি-র প্রায় ৯২% এবং ইন্ডেনের ৮৬% গ্রাহক eKYC সম্পন্ন করেছেন। নথিপত্র সংক্রান্ত জটিলতা ও অনেক গ্রাহক বাইরে থাকায় মেয়াদ বারবার বাড়ানো হচ্ছে।
এইচপি-র নতুন ১০ কেজির ফাইবার সিলিন্ডার একই সঙ্গে কলকাতার বাজারে ১০ কেজির নতুন ফাইবার-কম্পোজিট সিলিন্ডার চালু করেছে এইচপি গ্যাস। এটি ‘ফ্রি ট্রেড এলপিজি’ ক্যাটাগরির আওতায় বাজারদরে কেনা যাবে। কলকাতায় এর প্রথমবার সংযোগের খরচ ৪,৮৮৮ টাকা এবং সিলিন্ডারের দাম ১৭০০ টাকা। এতে সাধারণ গৃহস্থের মতো বছরে ১২টি সিলিন্ডারের বিধিনিষেধ বা ২৫ দিন পর বুকিংয়ের বাধ্যবাধকতা নেই। খুব শীঘ্রই ইনস্টামার্টের মাধ্যমেও এটি বুক করা যাবে। মূলত নতুন সংযোগ বন্ধ থাকার কারণে যারা সমস্যায় পড়ছেন বা কর্মসূত্রে স্থানান্তরিত হচ্ছেন, তাদের জন্য এটি বেশ সুবিধাজনক হবে।