এনভিডিয়া চিপ পাচার কাণ্ডে নাম জড়াল সিইও-র ঘনিষ্ঠ অ্যালিস হুয়াংয়ের

এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে মেগাস্পিড-এর সিইও অ্যালিস হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরে চিনে বিপুল পরিমাণ উন্নত চিপ পাচারের অভিযোগ উঠেছে। বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াং তাঁর বোন ও স্বামীর সহায়তায় চিন ও সিঙ্গাপুর জুড়ে একটি জটিল কর্পোরেট নেটওয়ার্ক তৈরি করেছিলেন। এই নেটওয়ার্কের মূল লক্ষ্য ছিল আমেরিকার রফতানি নিষেধাজ্ঞা থাকা এনভিডিয়ার উন্নত এআই চিপ সংগ্রহ করা। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, অ্যালিস চিনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন এবং এনভিডিয়ার গোপন নথি চিনে পাচার করেছেন।
তদন্তে উঠে এসেছে, ২০২৩ সাল থেকে এই নেটওয়ার্কের মাধ্যমে প্রায় ৭৫০ কোটি ডলার মূল্যের এনভিডিয়া চিপ চিনে পৌঁছেছে। এর মধ্যে এইচ১০০ এবং এইচ২০০ সিস্টেমের মতো প্রায় ২ লাখ ৪০ হাজার নিষিদ্ধ চিপ রয়েছে। ‘সাংহাই সেঞ্চুরি লিটং’ নামের একটি চিনা সংস্থা, যা ২০২৩ সালের অক্টোবরে এনভিডিয়ার পছন্দের ক্লাউড পার্টনার হিসেবে তালিকাভুক্ত হয়, এই চিপ সংগ্রহের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে। অ্যালিস হুয়াং এনভিডিয়া প্রধানের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথা প্রচার করে সরবরাহ ব্যবস্থায় বিশেষ সুবিধা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াং নিজের বিশ্বাসযোগ্যতা বাড়াতে জেনসেন হুয়াংয়ের সঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে ব্যবহার করতেন। এনভিডিয়ার বিক্রয় বিভাগের কর্মীদের কাছেও তিনি পরিচিত মুখ ছিলেন এবং চিপ সরবরাহে কোনো সমস্যা হলে তিনি তা সমাধানের চেষ্টা করতেন। এছাড়া মেগাস্পিডের ইন্দোনেশীয় সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমেও এনভিডিয়ার হার্ডওয়্যার আমদানি করা হয়েছে। যদিও এই চালানগুলি সরাসরি আমেরিকার রফতানি আইন লঙ্ঘন করেছে কি না, তা নিয়ে তদন্ত চলছে। তবে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মেগাস্পিড ও স্পিডম্যাট্রিক্সের মাধ্যমে চিনে কয়েকশ কোটি ডলারের এআই চিপ আমদানির তথ্য সামনে এসেছে।