এনডিএ-র পথে শরদ পাওয়ার! সুপ্রিয়ার প্রস্তুতির মাঝেই মোদির ফোন নিয়ে জল্পনা – বর্তমান বাংলা

এনডিএ-র পথে শরদ পাওয়ার! সুপ্রিয়ার প্রস্তুতির মাঝেই মোদির ফোন নিয়ে জল্পনা – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

দুই এনসিপির একত্রিত হওয়া এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে যোগ দেওয়ার জোরালো জল্পনার মধ্যেই শরদ পওয়ারকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্ষীয়ান রাজনৈতিক নেতার শারীরিক খোঁজ নেওয়ার পাশাপাশি মোদি জানান, সুপ্রিয়া সুলে এখন প্রস্তুত এবং তাঁরা সকলে মিলে দেশ সামলে নেবেন, তাই শরদ পওয়ার যেন বিশ্রাম নেন। পওয়ারের ঘনিষ্ঠ সহযোগী বিঠল মানিয়ার এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, শরদও মোদিকে আশ্বস্ত করেছেন যে তিনি বর্তমানে বিশ্রামেই আছেন। সুপ্রিয়ার কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেওয়া নিয়ে চর্চার আবহেই এই ফোনালাপ রাজনৈতিক বিশ্লেষকদের মতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অন্যদিকে, দুই গোষ্ঠীর সংযুক্তি ও এনডিএ জোটে যোগদানের জল্পনা আরও তীব্র হয়েছে এনসিপি (অজিত গোষ্ঠী)-র শীর্ষ নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক বৈঠকের পর। প্রফুল প্যাটেল, ছগন ভুজবলদের মতো নেতারা সেই বৈঠকে উপস্থিত থাকলেও ছিলেন না অজিতের স্ত্রী সুনেত্রা পওয়ার ও পুত্র পার্থ। সূত্রের খবর, তাঁদের বাদ দিয়েই সংযুক্তি প্রক্রিয়ার বিষয়ে কথা হয়েছে। মোদি-শরদের এই কথোপকথনকে উভয় শিবির সৌজন্যমূলক বললেও, মহারাষ্ট্র রাজনীতির সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন সবার নজর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *