এনআইএ-র তলবে বিধায়ক সাবিনা ইয়াসমিন, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

মালদহের কালিয়াচকের মোথাবাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধ ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় এনআইএ-র তলবে হাজিরা দিলেন সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামী মেহবুব আলম। জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে বিধায়ক দাবি করেন, তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন। তবে এই তলবকে রাজনৈতিকভাবে অপদস্থ করার চেষ্টা বলে অভিযোগ তুলেছেন তিনি। নাম না করে রাজ্যের শাসকদলের এক প্রভাবশালী নেতাকে ‘দ্বিতীয় মুখ্যমন্ত্রী’ বলে কটাক্ষ করেন সাবিনা।
গত ১ এপ্রিল মোথাবাড়িতে এসআইআর প্রক্রিয়ার সময় বিডিও অফিসে বিচারকদের আটকে রাখা এবং তাঁদের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় ১২টি মামলা রুজু করে তদন্ত শুরু করে জাতীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে দুটি মামলায় মোট ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এনআইএ। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কর্মীর ওপর হামলা ও কর্তব্য পালনে বাধা দেওয়ার মতো গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই অশান্তির নেপথ্যে বিধায়ক ও তাঁর স্বামীর মদত ছিল বলে অভিযোগ ওঠে।
এর আগেও গত ২৪ সেপ্টেম্বর সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেবার স্বামীর অসুস্থতার কারণে তিনি কলকাতার এনআইএ দফতরে হাজিরা দিয়েছিলেন। এক মাসের ব্যবধানে ফের তলব পেয়ে তিনি ও তাঁর স্বামী তদন্তকারী সংস্থার মুখোমুখি হলেন। বিধায়ক স্পষ্ট জানিয়েছেন, তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবেই কাজ করছেন এবং তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে আবারও সহযোগিতা করবেন। তবে পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।