উৎসবের মরশুমে উচ্ছেদের আতঙ্ক, গৃহহীন হওয়ার আশঙ্কায় লাটাগুড়ির ৩০০ পরিবার! – বর্তমান বাংলা

আলিপুরদুয়ারে রেলের উচ্ছেদ নোটিশ ঘিরে তীব্র আতঙ্ক ও ক্ষোভ
আলিপুরদুয়ার: পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়াই আলিপুরদুয়ারের লাটাগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় প্রায় ৩০০টি পরিবারকে উচ্ছেদ করার নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর প্রথম দফায় ৩৬টি পরিবারকে নোটিশ দিয়ে আলিপুরদুয়ারের ডিআরএম অফিসে তলব করা হয়। কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ না থাকায় দিনমজুর ও প্রান্তিক মানুষগুলো বিভ্রান্তির মুখে পড়েন। অভিযোগ, শুনানির সময় রেল কর্তৃপক্ষ বাসিন্দাদের দিয়ে একটি মুচলেকা সই করানোর চেষ্টা করে, যেখানে তাদের অবৈধ দখলদার হিসেবে স্বীকারোক্তি দিতে বলা হয়। বাসিন্দারা এই অনৈতিক শর্ত প্রত্যাখ্যান করেন।
এরপর সোমবার নতুন করে আরও প্রায় ৪০টি পরিবারকে নোটিশ জারি করে আগামী ১১ নভেম্বরের মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩০০টি পরিবার এই উচ্ছেদ প্রক্রিয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন। এতে স্থানীয় ব্যবসায়ীদের রুটি-রুজির পথও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
বাসিন্দাদের দাবি, তাঁরা ৭৫-৮০ বছর ধরে এই এলাকায় বসবাস করছেন। গ্রামবাসী ঝন্টু রাহার প্রশ্ন, দীর্ঘ সময় ধরে এই বসতি থাকলেও রেলের কাছে জমি অধিগ্রহণ সংক্রান্ত কোনো স্পষ্ট নথি আছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এছাড়া যে লাটাগুড়ি লাইনে মাত্র দুটি ট্রেন চলে, সেখানে হঠাৎ গোটা গ্রাম উচ্ছেদ করার নেপথ্যে বড় কোনো কর্পোরেট গোষ্ঠীর স্বার্থ জড়িত কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন গ্রামবাসী অতুল রায়।
লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য মনা বিশ্বাস বলেন, “আমরা উন্নয়নের বিরোধী নই। রেলের প্রয়োজন হলে পুনর্বাসন দিয়ে আমাদের সরান, কিন্তু এভাবে ভিটেমাটি থেকে উচ্ছেদ করা চলবে না।”
এদিকে, এই পরিস্থিতির নিন্দা জানিয়ে সরব হয়েছে সিপিআই(এম)। জলপাইগুড়ি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আশীষ সরকার জানিয়েছেন, “বিকল্প ব্যবস্থার স্পষ্ট রূপরেখা ছাড়া এই উচ্ছেদ অভিযান মানা যায় না। অবিলম্বে পুনর্বাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা না করলে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে।”
উচ্ছেদ আতঙ্ক ও পুনর্বাসনের দাবিতে বর্তমানে পুরো এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। রেল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সদর্থক আশ্বাস না মেলায় চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন স্টেশনপাড়ার বাসিন্দারা।