উদ্ধবের হাত ছাড়ছেন ৯ সাংসদের ৭ জনই, মহারাষ্ট্রে কি ফের বড় ভাঙন?
উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি)-তে বড় ধরনের ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। দলের ৯ জন লোকসভা সাংসদের মধ্যে ৭ জনই একনাথ শিন্ডে শিবিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে শিন্ডে গোষ্ঠীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। শিন্ডে শিবিরের বিধান পরিষদ সদস্য কৃপাল তুমানে জানিয়েছেন, সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই এই সাংসদরা শিবির বদল করতে পারেন। রাজনৈতিক সূত্রের খবর, গত ৭ জুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপরাও যাদবের বাসভবনে শিন্ডে শিবির ও উদ্ধবপন্থী বেশ কয়েকজন সাংসদের মধ্যে একটি গোপন বৈঠকও হয়েছে। এই দলবদল করলে তাঁদের কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণে জায়গা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।
এই পরিস্থিতিতে মুম্বাইয়ের ‘মাতোশ্রী’তে জরুরি বৈঠক ডেকেছেন উদ্ধব ঠাকরে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা দল ছাড়তে চান, তাদের আটকানো হবে না, তবে কঠিন সময়ে দল ছাড়ার ফল তাদের ভোগ করতে হবে। তবে এই দাবি পুরোপুরি অস্বীকার করেছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। তিনি দাবি করেছেন, তাদের সংসদীয় দল সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং সব সাংসদ উদ্ধব ঠাকরের নেতৃত্বেই রয়েছেন। প্রসঙ্গত, ২০২২ সালে দল ভেঙে ৪০ জন বিধায়ক নিয়ে একনাথ শিন্ডে বিদ্রোহ করেছিলেন, সেই স্মৃতিই নতুন করে রাজনৈতিক মহলে জল্পনা উসকে দিয়েছে।