ইসরায়েলে নজিরবিহীন মৌমাছির হানা! ঘরবন্দি হাজারো মানুষ!
ইসরায়েলের নেতিভোটে হাজার হাজার মৌমাছির তাণ্ডবে আতঙ্ক
ইজরায়েলের দক্ষিণ নেতিভোট শহর জুড়ে এক অভূতপূর্ব প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে। যুদ্ধের উত্তেজনার মধ্যেই হাজার হাজার মৌমাছির একটি বিশাল ঝাঁক শহরটিকে আচ্ছন্ন করে ফেলেছে, বিশেষ করে একটি জনবহুল শপিং মল এবং আবাসিক এলাকাগুলোতে মৌমাছির মেঘ দেখা যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন শহরজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে।
মৌমাছির এই আকস্মিক আক্রমণের ফলে নেতিভোট শহরে একটি অঘোষিত বন্ধের সৃষ্টি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ নাগরিকদের বাড়ির বাইরে বের না হওয়ার এবং জানালা-দরজা শক্ত করে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। রাস্তাঘাট, গাড়ি এবং বাড়ির বারান্দা – সবকিছুই মৌমাছির দখলে চলে গেছে। এই বিশাল পতঙ্গ বাহিনীকে নিরাপদে অন্য স্থানে সরিয়ে না নেওয়া পর্যন্ত বাসিন্দাদের গৃহবন্দী থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে বাইবেলে বর্ণিত কোনো অশুভ বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন, যা সম্প্রতি তেল আবিবে হাজার হাজার কাকের আনাগোনার ঘটনার পর ভীতি বাড়িয়ে তুলেছে। তবে বিশেষজ্ঞরা এই ধর্মীয় ব্যাখ্যার পরিবর্তে জলবায়ু পরিবর্তন বা নতুন বাসস্থানের সন্ধানে মৌমাছিদের দলবদ্ধভাবে পরিযায়ী হওয়ার সম্ভাবনাকে উল্লেখ করেছেন।