ইরানি তেল নিয়ে তোলপাড়, মার্কিন নিষেধাজ্ঞায় বিপাকে ভারতীয় দম্পতি! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পরও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে ভারত ও তুরস্কের বিভিন্ন ব্যক্তি ও সংস্থার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা। গোপনে ইরানকে তেল পরিবহণে সহায়তা করার অভিযোগে ভারতীয় নাগরিক সুনীল কুমার শর্মা ও তাঁর স্ত্রী জসপ্রীত প্রীতি শাহিদ সহ চার ভারতীয় এবং সুনীলের সঙ্গে যুক্ত নয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। মার্কিন অর্থ দপ্তরের দাবি, অভিযুক্তরা সাগরে জালিয়াতি চক্রের মাধ্যমে জাহাজে ভুয়ো পতাকা ও জাল শংসাপত্র সরবরাহ করত, যার সাহায্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানি তেল পরিবহন করা হতো।
ওয়াশিংটনের অভিযোগ, এই অবৈধ বাণিজ্যতরীগুলি ইরানের সামরিক বাহিনী ও তাদের মদতপুষ্ট গোষ্ঠীগুলির কার্যক্রমে সাহায্য করত এবং ভুয়ো শংসাপত্রের কারণে এগুলির কোনো বিমাও ছিল না। মার্কিন প্রশাসনের সতর্কবার্তা, তেহরানের তৈল বাণিজ্য ধ্বংস করতে শুরু হওয়া ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় ইরান সরকারকে সমর্থনকারী সকলের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ করা হবে।