ইরানি ড্রোনের নিশানায় ভারতীয় জাহাজ, ট্রাম্পের নয়া দাবিতে তোলপাড়!
ওমান উপকূলে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নয়াদিল্লি মার্কিন কূটনীতিককে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ভারতীয় জাহাজগুলোকে লক্ষ্য করে ইরান ড্রোন হামলা চালিয়েছিল। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প জানান, ভারতীয় জাহাজগুলোর ওপর চালানো ইরানি ড্রোন হামলার সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে এবং তিনি এই ঘটনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সংঘাতে বাণিজ্যিক জাহাজ ও নাবিকরা চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন। গত ৮ থেকে ১১ জুনের মধ্যে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী অন্তত তিনটি জাহাজ হামলার শিকার হয়েছে। এর মধ্যে ৮ জুন ‘মারিভেক্স’ ট্যাঙ্কার অচল হয়ে পড়ে, ১০ জুন ‘সেত্তেবেলো’ ট্যাঙ্কারে হামলায় তিন ভারতীয় নাবিক প্রাণ হারান এবং ১১ জুন ‘জালবীর’ ট্যাঙ্কারের ওপর হামলা চালানো হয়। একের পর এক এই ধারাবাহিক হামলা বৈশ্বিক বাণিজ্যপথের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে এবং সমুদ্রপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে বড় ধরনের সংকট সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।