ইন্দোরে দিলজিতের কনসার্টের আগে কেন নিষিদ্ধ চারটি গান! – বর্তমান বাংলা

দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট ঘিরে বিতর্ক, ইন্দোরে চারটি গানে নিষেধাজ্ঞা প্রশাসনের
ইন্দোর: আগামী ১৫ নভেম্বর ইন্দোরে গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের ‘অরা ইন্ডিয়া টুর’-এর কনসার্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এই অনুষ্ঠানের আগেই গায়কের চারটি জনপ্রিয় গান পরিবেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা শিশু সুরক্ষা দপ্তর। প্রশাসনের দাবি, এই গানগুলির কথা শিশুমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা অপ্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত নয়।
গত ৬ নভেম্বর মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের অধীনে জেলা শিশু সুরক্ষা আধিকারিক যে চারটি গান নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন, সেগুলি হলো— ‘পাতিয়ালা পেগ’, ‘৫ তারা’, ‘কেস’ এবং ‘জাট উঠা ফায়ার করদা’।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পাতিয়ালা পেগ’ এবং ‘৫ তারা’ গান দুটির মূল উপজীব্য মদ্যপান, যা শিশুমনকে বিভ্রান্ত করতে পারে। এছাড়া ‘কেস’ গানে মাদক (আফিম), আইন লঙ্ঘন এবং সংঘাতের মতো বিষয়বস্তু রয়েছে। অন্যদিকে, ‘জাট উঠা ফায়ার করদা’ গানে অস্ত্র, হিংসা, পিস্তল প্রদর্শন এবং শারীরিক সংঘর্ষের আধিক্য থাকায় তা শৈশবের জন্য ক্ষতিকর বলে মনে করছে প্রশাসন।
এই সিদ্ধান্তের পেছনে ২০১৯ সালের ২২ জুলাই পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের একটি নির্দেশকে হাতিয়ার করেছে সংশ্লিষ্ট দপ্তর। ওই নির্দেশে জনসমক্ষে আয়োজিত লাইভ শোয়ে মদ্যপান, মাদক এবং হিংসার প্রচারকারী গান বাজানো বন্ধ করার কথা বলা হয়েছিল।
শুধুমাত্র গানের কথা নয়, মঞ্চে শিশুদের আমন্ত্রণ জানানো এবং গায়কের পোশাকে রুপোর বুলেটের বেল্ট বা ব্যান্ডোলিয়ার ব্যবহারের বিষয়টি নিয়েও আপত্তি জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিক। কর্তৃপক্ষের সাফ নির্দেশ, গানগুলির কথা পরিবর্তন করলেও যেন সেগুলি পরিবেশন করা না হয়। কনসার্টে সব বয়সী মানুষের উপস্থিতি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।