ইউরোপে ফের জেহাদি আতঙ্ক, বেলফাস্টের রাস্তায় ভয়ঙ্কর হামলার চেষ্টা!
আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার চেষ্টার ঘটনায় স্থানীয় জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। গত সোমবার শহরের রাস্তায় এক ব্যক্তির ওপর ছুরি নিয়ে চড়াও হন ৩০ বছর বয়সী সুদানের এক শরণার্থী। হামলাকারী ওই ব্যক্তির ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকেন এবং তার মাথা বিচ্ছিন্ন করার চেষ্টা চালান। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী ঘটনাস্থলে উপস্থিত অন্যদেরও হুমকি দিয়েছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পুলিশি তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত হামলাকারী ২০২৩ সালে প্যারিস ও ডাবলিন হয়ে ব্রিটেনে প্রবেশ করেন এবং তার কাছে ২০২৮ সাল পর্যন্ত থাকার বৈধ অনুমতি বা অ্যাসাইলাম স্টেটাস ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হামলার দৃশ্যে দেখা যায়, আততায়ী আক্রান্ত ব্যক্তির ওপর চেপে বসে আক্রমণের পাশাপাশি অস্বাভাবিক আচরণ করছেন। বেলফাস্টের মতো শান্ত শহরে এমন নৃশংস হামলার নেপথ্যে কোনো সুসংগঠিত জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি না এবং এটি কোনো বিশেষ রণকৌশলের অংশ কি না, তা নিয়ে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।