আসছে ‘গডজিলা’ এল নিনো! খরা ও তাপপ্রবাহে কি ধ্বংসের মুখে ভারত?
প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ‘গডজিলা’ এল নিনো (El Nino) নামক এক শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগ ভারতের দিকে ধেয়ে আসছে। এই জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভারতের কৃষি ব্যবস্থা, বিদ্যুৎ পরিষেবা এবং দৈনন্দিন জীবনে বড়সড় সংকটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামও (WEF) এই প্রাকৃতিক দুর্যোগের সুদূরপ্রসারী প্রভাব নিয়ে আগাম সতর্কবার্তা দিয়েছে।
এল নিনোর ফলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যা ভারতের কৃষি উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। বৃষ্টিপাত কমে গেলে ধান, ডাল, সয়াবিনসহ বিভিন্ন ফসলের ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে জলাধার ও নদীতে জলের স্তর কমে যাওয়ায় পানীয় জল সংকট ও জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অতিরিক্ত গরমের কারণে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ গ্রিডের ওপর প্রবল চাপ সৃষ্টি হতে পারে এবং আন্তর্জাতিক সাপ্লাই চেইন বিঘ্নিত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।