আমেরিকায় সাময়িক বিমান চলাচল বন্ধ, বিপাকে হাজার হাজার যাত্রী

আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) শুক্রবার স্থানীয় সময় বিকেলে দেশজুড়ে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়। এই নির্দেশের ফলে আমেরিকা থেকে বহির্গামী সমস্ত বিমানের উড্ডয়ন বাতিল করা হয়। তবে যে বিমানগুলি ইতিমধ্যে আকাশে ছিল, সেগুলিকে গন্তব্যে পৌঁছানোর অনুমতি দেওয়া হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর এই প্রথম আমেরিকা এমন নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করল।
এই নিষেধাজ্ঞার ফলে ১১ হাজারের বেশি বিমানের সময়সূচি বিপর্যস্ত হয়েছে এবং হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন। বিমানবন্দরগুলিতে যাত্রীদের ব্যাপক ভিড় তৈরি হয়। তবে প্রায় চার ঘণ্টা পর এফএএ নিষেধাজ্ঞা তুলে নেয় এবং বিমান পরিষেবা পুনরায় স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়।
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) প্রযুক্তিগত যোগাযোগের সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা বা জল্পনা প্রশাসন সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও বিমান পরিষেবার স্বাভাবিক ছন্দ ফিরতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।