আমফান দুর্নীতিতে অভিষেককে নিশানা, ২৫০ কোটি টাকা লুঠের চাঞ্চল্যকর অভিযোগ!
ঘূর্ণিঝড় আমফানের ত্রাণ বিলিবণ্টনে প্রায় ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে। ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতির জন্য কেন্দ্রীয় সরকারের পাঠানো এই অর্থ আত্মসাতের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এবং ডায়মন্ড হারবার পুলিশ সুপারের কাছে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাস এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, আমফানের ত্রাণ বণ্টনের সময় ডেটাবেস কারচুপি করে পরিকল্পিতভাবে একই ব্যক্তির নামে একাধিকবার টাকা বরাদ্দ করা হয়েছে। বিষ্ণুপুর ১ ও ২ ব্লক এলাকায় তৃণমূল জনপ্রতিনিধিদের মদতে এই দুর্নীতি সংঘটিত হয়েছে এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই তহবিল লোপাট করা হয়েছে বলে অভিযোগকারীর দাবি। ইতিমধ্যে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং অভিযোগকারী জানিয়েছেন, আগামী দিনে জেলার প্রতিটি থানায় এই বিষয়ে এফআইআর দায়ের করা হবে।