আমফানের ২৫০ কোটি টাকা লুট, কাঠগড়ায় অভিষেক!
ঘূর্ণিঝড় আমফানের ত্রাণ বিতরণে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় এই এফআইআর দায়ের করেন স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। ২০২০ সালের আমফানের সময় কেন্দ্রের পাঠানো বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে প্রকৃত ক্ষতিগ্রস্তদের বঞ্চিত করে এই অর্থ তছরুপের অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে একাধিক ধারায় অভিষেকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
বিজেপি নেতার অভিযোগ, বিষ্ণুপুর ১ ও ২ ব্লকে ঘর মেরামতির জন্য বরাদ্দ কোটি কোটি টাকা সরকারি নথিতে কারচুপি করে আত্মসাৎ করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, বিষ্ণুপুর ১ ব্লকে ৩১ হাজার ঘরের বিপরীতে ৩৪ হাজার ঘর দেখিয়ে ২৫ কোটি ৮০ লক্ষ টাকার বেশি তছরুপ হয়েছে, আর বিষ্ণুপুর ২ ব্লকে দুর্নীতির পরিমাণ প্রায় ৩২ কোটি টাকা। এছাড়া একই ফোন নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট এবং পরিবারের একাধিক সদস্যের নামে ত্রাণের টাকা তোলার মতো অনিয়মের প্রমাণ পেশ করা হয়েছে। ঘটনায় প্রশাসনিক কর্তাদের ভূমিকা তদন্তের আওতায় আনতে এবং বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের কাছে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের আর্জি জানানো হয়েছে।