আফগানিস্তানের কুনারে স্কুল সংলগ্ন এলাকায় বিস্ফোরণ: ৭ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৯৯

আফগানিস্তানের কুনার প্রদেশে একটি স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৭ জন শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৯৯ জন।
দেশটির আসাদাবাদ জেলার আন্দারসির এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এটি পাকিস্তানের সীমান্তবর্তী একটি অঞ্চল, যেখানে খনির কার্যক্রম বেশি থাকায় বিস্ফোরক মজুত রাখা হতো বলে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে খনি কোম্পানিগুলোর বিস্ফোরক মজুত করার একটি ডিপো থেকে এই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। ঘটনার পর পরই স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী তৎপর হয়ে ওঠে। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
আফগানিস্তানে শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনা নতুন নয়। এর আগে আগস্ট মাসে কাবুলের একটি শিক্ষাকেন্দ্রে বিস্ফোরণে অন্তত ৪২ জন শিশু আহত হয়েছিল, যাদের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে ছিল। কুনারের এই সাম্প্রতিক ঘটনাটি দেশটিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।