আপনার জমানো টাকা নিরাপদ তো? সমবায় ব্যাঙ্কের ওপর আরবিআইয়ের কড়া নিষেধাজ্ঞা!

আর্থিক অবস্থার অবনতির কারণে মহারাষ্ট্রের মোগাভিরা কো-অপারেটিভ ব্যাঙ্কের ওপর আগামী ছয় মাসের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। আমানতকারীদের স্বার্থ রক্ষা ও ব্যাঙ্কের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, আগামী ছয় মাস ব্যাঙ্কটি কোনো নতুন ঋণ মঞ্জুর, পুরনো ঋণের নবীকরণ, নতুন বিনিয়োগ বা কোনো ধরনের আমানত সংগ্রহ করতে পারবে না।

এই বিধিনিষেধের ফলে সাধারণ গ্রাহকরা তাদের সেভিংস, কারেন্ট বা অন্য যেকোনো অ্যাকাউন্ট মিলিয়ে মোট ১ লক্ষ টাকার বেশি অর্থ তুলতে পারবেন না। তবে ঋণের ইএমআই জমা দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের কোনো নির্দেশ নয় এবং নির্দিষ্ট বিধিনিষেধ মেনে ব্যাঙ্কিং কার্যক্রম চালু থাকবে। ছয় মাস পর পরিস্থিতির পর্যালোচনা করা হবে। এছাড়া, গ্রাহকদের আমানত সুরক্ষায় ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের (DICGC) মাধ্যমে যোগ্য গ্রাহকরা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা সুবিধা পাওয়ার দাবি করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *