আদালত চত্বরে অকথ্য গালিগালাজ, ভাইরাল পরীমণির বিস্ফোরক ভিডিও! – বর্তমান বাংলা

আদালত চত্বরে সাংবাদিক ও চিত্রনায়িকা পরীমণির সঙ্গে হাতাহাতি, আহত ৪
নিজস্ব প্রতিবেদক:
আদালতে জামিন নিতে এসে বৃহস্পতিবার সকালে চিত্রনায়িকা পরীমণি ও উপস্থিত সংবাদকর্মীদের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় জামিন নিতে বৃহস্পতিবার সকালে আদালতে হাজির হন পরীমণি। বিচারক তাঁর জামিন মঞ্জুর করার পর বেলা সাড়ে ১১টার দিকে আদালত চত্বর ত্যাগ করার সময় ১০ জনের একটি নিরাপত্তারক্ষী বলয় তৈরি করা হয়। এ সময় পরীমণিকে ক্যামেরাবন্দি করতে সাংবাদিক ও উৎসুক জনতার ভিড় তৈরি হয়।
ভিড়ের মধ্যে এক সাংবাদিক তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করেছেন—এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অত্যন্ত উত্তেজিত অবস্থায় তিনি উচ্চস্বরে চিৎকার করছেন। এই পরিস্থিতির সুযোগে চিত্রনায়িকা, তাঁর নিরাপত্তারক্ষী এবং উপস্থিত সংবাদকর্মীদের মধ্যে প্রচণ্ড ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
উল্লেখ্য, ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের করা মামলায় অভিজাত ক্লাবে মদ্যপান ও ভুয়া মামলার হুমকির অভিযোগ রয়েছে পরীমণির বিরুদ্ধে। ওই মামলায় নিয়মিত হাজিরা না দেওয়ায় গত বুধবার আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানা মাথায় নিয়ে বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন পরীমণি এবং ৫০০ টাকার মুচলেকায় জামিন লাভ করেন।