অসমের কাজিরাঙায় মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২৬

অসমের কাজিরাঙার কাছে রঙ্গাজানে একটি মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টো থেকে ২টো ৩০ মিনিটের মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। বোকাখাট থেকে নগাঁওগামী মিনিবাসটিতে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই কলেজপড়ুয়া। সংঘর্ষের অভিঘাত এতটাই জোরালো ছিল যে, ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও কয়েক জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। দুমড়েমুচড়ে যাওয়া বাসের ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করতে উদ্ধারকারীদের যথেষ্ট বেগ পেতে হয়। আহতদের উদ্ধার করে কোহরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। গোলাঘাটের সিনিয়র পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাসটি দ্রুত গতিতে ছিল এবং অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা মারেন।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটির বিরুদ্ধে অতীতে ট্রাফিক আইন ভাঙার একাধিক অভিযোগ ছিল। ১২ বার ট্রাফিক আইন ভাঙার জন্য বাসটিকে ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছিল এবং আরও একটি মামলায় ৪ হাজার টাকা জরিমানা বাকি রয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী অতুল বরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।