অরুণাচল সীমান্তে চিনের চোখরাঙানি, যোগ্য জবাব দিতে তৈরি ভারত!
তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ওপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে চীন। ভারতের অরুণাচল সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রকল্প ভারতের উত্তর-পূর্বাঞ্চলে নতুন ভূ-রাজনৈতিক ও কৌশলগত উদ্বেগের জন্ম দিয়েছে। এই পরিস্থিতির মোকাবিলায় এবং চিনকে যোগ্য জবাব দিতে ভারত সরকার অরুণাচল প্রদেশে ১.৫ লক্ষ কোটি টাকা ব্যয়ে দেশের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প ‘সিয়াং আপার মাল্টিপারপাস প্রোজেক্ট’ (SUMP) বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে। এই মেগা প্রকল্পের মাধ্যমে বার্ষিক প্রায় ১১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, ইয়ারলুং সাংপো নদীতে চীনের বাঁধের কারণে নিম্ন অববাহিকায় জলপ্রবাহ হ্রাস পেতে পারে, যা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কৃষি, পানীয় জল ও জীববৈচিত্র্যের জন্য দীর্ঘমেয়াদী হুমকি হয়ে দাঁড়াবে। এছাড়া, এই বিশাল জলরাশির নিয়ন্ত্রণ চীনের হাতে থাকায় ভবিষ্যতে তা ভূ-রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে বলে উদ্বেগ রয়েছে। তবে ভারতের নতুন এই প্রকল্পের নকশা এমনভাবে করা হয়েছে যাতে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি আকস্মিক বন্যা নিয়ন্ত্রণ, জল সংরক্ষণ এবং নদীর প্রবাহে সম্ভাব্য ক্ষতিকর পরিবর্তন মোকাবিলা করা সম্ভব হয়। আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে কূটনৈতিক আলোচনার পাশাপাশি নিজস্ব পরিকাঠামো শক্তিশালী করার মাধ্যমেই ভারত নিজের সুরক্ষা নিশ্চিত করতে চায়।