অযোধ্যায় মোদীর সফর কি বদলে দেবে ভোটের সমীকরণ! – বর্তমান বাংলা
.jpeg.webp?ssl=1)
বর্তমান ডেস্কঃ
উত্তরপ্রদেশে নির্ধারিত সময় অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বর্তমান বিধানসভার মেয়াদ আগামী বছরের মে মাস পর্যন্ত থাকলেও, ভোট এগিয়ে বা পিছিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই যোগী আদিত্যনাথ সরকারের। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে অযোধ্যায় এক বিশাল জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারের সূচনা হতে চলেছে। সম্প্রতি রাজ্য সরকারের উচ্চপর্যায়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। যদিও বিভিন্ন বিরোধী দল নভেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার দাবি তুলেছিল, তবে রাজ্য সরকার নির্ধারিত সময়কেই বেছে নিয়েছে।
ভোট এগিয়ে আনার প্রস্তাব খারিজের পেছনে রাজনৈতিক ও প্রশাসনিক নানা সমীকরণ কাজ করছে বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে জনগণনার কাজ শেষ করার জন্য জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, রাজ্যে বিভিন্ন সামাজিক ও ছাত্র আন্দোলন সামলে পরিস্থিতি সম্পূর্ণরূপে নিজেদের নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় চাইছে শাসকদল। এই বিশেষ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর অযোধ্যা সফর এবং রাজ্য প্রশাসনের প্রস্তুতি রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।