অভিষেকের রক্ষাকবচ নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য, দীপাবলির পরেই কি বড় ধাক্কা? – বর্তমান বাংলা

অভিষেকের রক্ষাকবচ ইস্যুতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার
নিজস্ব প্রতিবেদন: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় হাইকোর্টের দেওয়া রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে শুক্রবার এই মামলা দায়ের করা হয়েছে। দীপাবলির ছুটির পর শীর্ষ আদালতে এই হাইপ্রোফাইল মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোট ১৬টি এফআইআর দায়ের করা হয়েছে বলে দাবি করেন তিনি। এর মধ্যে ভবানীপুর, কালীতলা ও বিষ্ণুপুর থানার কয়েকটি মামলার প্রেক্ষিতে গত আগস্ট মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেককে ৩০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ প্রদান করেন। আদালতের নির্দেশ ছিল, এই সময়সীমার মধ্যে তাঁর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না।
হাইকোর্টের ওই নির্দেশের বিরোধিতা করে রাজ্য সরকার প্রথম থেকেই সোচ্চার। গত ২৫ আগস্ট হাইকোর্টে শুনানির সময় রাজ্য এই নির্দেশের ওপর স্থগিতাদেশের আবেদন জানিয়েছিল, যা বিচারপতি ভট্টাচার্য খারিজ করে দেন।
রাজ্য সরকারের আইনি যুক্তিতে বলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আনা অভিযোগগুলি অত্যন্ত গুরুতর। ফৌজদারি মামলায় অভিযুক্তের জন্য নির্দিষ্ট আইনি প্রতিকারের পথ খোলা থাকলেও তিনি তা অনুসরণ না করে সরাসরি ‘ব্ল্যাঙ্কেট প্রোটেকশন’ বা একসঙ্গে একাধিক এফআইআরের ক্ষেত্রে ছাড় চেয়েছেন, যা আইনসম্মত নয়। রাজ্যের মতে, প্রতিটি মামলার ক্ষেত্রে পৃথকভাবে আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন; কোনো অভিযুক্তকেই একাধিক মামলায় একসঙ্গে এভাবে রক্ষাকবচ দেওয়া সমীচীন নয়।
হাইকোর্টে রাজ্যের যুক্তি ধোপে না টিকলেও, এবার সর্বোচ্চ আদালতে বড় স্বস্তির আশায় রাজ্য সরকার। দীপাবলির ছুটির পর সুপ্রিম কোর্টে এই মামলাটি উঠলে তা জাতীয় ও রাজ্য রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখন শীর্ষ আদালত হাইকোর্টের দেওয়া রক্ষাকবচ বহাল রাখে, নাকি রাজ্যের আবেদনে সাড়া দিয়ে কোনো বড় নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক ও আইনি মহল।