অভিষেকের বাড়ির সামনে রণক্ষেত্র, ভাইপোকে বাঁচাতে সরাসরি মাঠে নামলেন মমতা! – বর্তমান বাংলা

অভিষেকের বাড়ির সামনে রণক্ষেত্র, ভাইপোকে বাঁচাতে সরাসরি মাঠে নামলেন মমতা! – বর্তমান বাংলা

নিষ্ক্রিয়তার অভিযোগে সরব মমতা ও অভিষেক, বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: দলীয় নেতার বাসভবনের সামনে বিশৃঙ্খলা এবং পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনায় পুলিশ প্রশাসনের একাংশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন দুজনেই।

সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী দলীয় কর্মী-সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, “দয়া করে শান্তি রক্ষা করুন। পুলিশের কাছে আবেদন, পথচলতি যানবাহনের রাস্তা খালি রাখুন।” তবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি ভূমিকার সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা কর্তব্য পালনের বদলে নিজেদের ইচ্ছামতো কাজ করছেন।” কালীঘাট থানার ওসির উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মন্দির এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করুন।

ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পরিকল্পিতভাবে রাস্তায় অবৈধ পুজো বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে এবং অভিষেকের বাসভবনে হামলা চালানো হচ্ছে। তাঁর কথায়, “যারা নিজেদের সনাতনী বলে দাবি করেন, তারা পুজোর আবহে এমন হামলা চালিয়ে হিন্দু ধর্মকে লাঞ্ছিত করছেন।” বিজেপি নেতাদের এই ‘হামলা ও মামলার রাজনীতি’ তাদের নিজেদের অস্তিত্বই বিপন্ন করবে বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে তিনি দলীয় কর্মীদের উদ্দেশে আশ্বস্ত করে জানান, তিনি কোথাও যাচ্ছেন না, এখানেই থাকছেন।

অন্যদিকে, পুলিশের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, গত দু’দিন ধরে বিজেপির লোকজন তাঁর অফিসের বাইরে নজরদারি (রেকি) চালাচ্ছিল, যার প্রমাণ তিনি আগেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন। কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তার সমালোচনা করে অভিষেক বলেন, “আমাদের ফেসবুক পেজে হামলাকারীদের ছবি ও ভিডিও থাকার পরেও পুলিশ বলছে তারা এদের চেনে না। অথচ আমাদের কর্মী-সমর্থকদের তুলে নিয়ে গিয়ে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে।”

অভিষেকের অভিযোগ, ঘটনার পর অভিযুক্তদের কাউকেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তলব করেনি। পুলিশের এই ভূমিকা থেকেই সবটা স্পষ্ট বলে তিনি দাবি করেন। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করে রাজ্যে অস্থিরতা তৈরির অপচেষ্টার কঠোর জবাব সাধারণ মানুষ দেবে বলেও বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *