‘আমাদের জার্সিতে অন্যের হয়ে খেললেই লালকার্ড’! নওদায় বিদ্রোহী ও অন্তর্ঘাত রুখতে কড়া হুঁশিয়ারি অভিষেকের – বর্তমান নিউজ

মুর্শিদাবাদের নওদায় নির্বাচনী সভা থেকে দলের বিক্ষুব্ধ অংশ ও অন্তর্ঘাতকারীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থী সাইনা মুমতাজের সমর্থনে আয়োজিত সভায় তিনি স্পষ্ট জানান, দলের প্রতীক ব্যবহার করে যারা তলেতলে অন্য শিবিরের হয়ে কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়মভঙ্গকারীদের মাঠের বাইরে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বেইমানি করলে ভবিষ্যতে রাজনীতিতে ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে।
ভারতপুরের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর দল ছেড়ে নতুন দল গঠন করায় এবং আসাদউদ্দিন ওয়েইসির ‘মিম’-এর সঙ্গে জোট বাঁধায় মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণ জটিল হয়েছে। সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ফাটল ধরার আশঙ্কায় অভিষেক এই কড়া অবস্থান নিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এছাড়া কংগ্রেস নেতা অধীর চৌধুরী ও হুমায়ুন কবীর কেন কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবহার করছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
জেলায় আটটি আসনে প্রার্থী বদল এবং অভ্যন্তরীণ কোন্দল সামাল দিতে তৃণমূল নেতৃত্ব এখন মরিয়া। গত বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের ২২টির মধ্যে ২০টি আসন জিতলেও, বর্তমান পঞ্চমুখী লড়াইয়ে জয়ের ধারা বজায় রাখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। হিন্দু ভোটের মেরুকরণ ও বাম-কংগ্রেসের উপস্থিতির মাঝে দলের সংহতি বজায় রাখতেই অভিষেক এদিন ‘লালকার্ড’ নীতি প্রয়োগের হুঁশিয়ারি দিয়ে কর্মীদের সতর্ক করেছেন।