মন্ত্রী ও জনপ্রতিনিধিদের পদচ্যুতি সংক্রান্ত বিলের রিপোর্ট পেশে আরও সময় চাইল যৌথ সংসদীয় কমিটি – বর্তমান নিউজ

মন্ত্রী ও জনপ্রতিনিধিদের পদচ্যুতি সংক্রান্ত বিলের রিপোর্ট পেশে আরও সময় চাইল যৌথ সংসদীয় কমিটি – বর্তমান নিউজ

প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের গ্রেফতারি ও পদচ্যুতি সংক্রান্ত প্রস্তাবিত বিলগুলি পর্যালোচনার জন্য আরও সময় চাইল যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)। বিজেপি সাংসদ অপরাজিতা ষড়ঙ্গীর নেতৃত্বাধীন এই কমিটি লোকসভার কাছে অতিরিক্ত সময় চেয়ে আবেদন করলে তা মঞ্জুর করা হয়েছে। এর ফলে, আগামী বাদল অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন পর্যন্ত রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।

গত বছর অগস্টে কেন্দ্র সরকার একটি সংবিধান সংশোধনীসহ তিনটি বিল পেশ করে। এই প্রস্তাব অনুযায়ী, পাঁচ বছরের বেশি কারাদণ্ড হতে পারে এমন অপরাধে কোনো জনপ্রতিনিধি গ্রেফতার হয়ে টানা ৩০ দিন হেফাজতে থাকলে তাঁর পদ খারিজ হয়ে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলগুলি পেশ করার পরই তা পর্যালোচনার জন্য ৩১ সদস্যের এই যৌথ কমিটির কাছে পাঠিয়েছিলেন।

তবে এই বিল ও কমিটি গঠন নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে বিরোধীরা। বিশেষ করে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের শাসকদলগুলো কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিরোধীদের অভিযোগ, কমিটিতে সরকারপক্ষের সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের আপত্তি অগ্রাহ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে রাজনৈতিক মহলের নজর এখন আগামী বাদল অধিবেশনে কমিটির পেশ করতে চলা চূড়ান্ত রিপোর্টের দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *