ইরানের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা: দুই মার্কিন নৌসেনা আধিকারিককে ‘যুদ্ধাপরাধী’ ঘোষণা তেহরানের – বর্তমান নিউজ

ইরানের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা: দুই মার্কিন নৌসেনা আধিকারিককে ‘যুদ্ধাপরাধী’ ঘোষণা তেহরানের – বর্তমান নিউজ

ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া ইরান সংঘাত দ্বিতীয় মাসে পদার্পণ করতেই উত্তেজনা তুঙ্গে। মিনাব শহরের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জনের মৃত্যুর ঘটনায় দুই মার্কিন নৌসেনা আধিকারিককে সরাসরি দায়ী করেছে তেহরান। অভিযুক্তরা হলেন মার্কিন রণতরী ‘ইউএসএস স্প্রুয়েন্স’-এর কমান্ডিং অফিসার লি আর টেট এবং এগ্জিকিউটিভ অফিসার জেফরি ই ইয়র্ক। ভারতসহ বিভিন্ন দেশে থাকা ইরানি দূতাবাসগুলো এই দুই অফিসারের ছবি প্রকাশ করে তাঁদের ‘অপরাধী’ হিসেবে চিহ্নিত করেছে।

তেহরানের দাবি, এই আধিকারিকদের নির্দেশেই তিনটি ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র স্কুলটিতে আছড়ে পড়ে, যার ফলে ১৬৮টি শিশুর প্রাণহানি ঘটে। জেনেভায় এক সভায় ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি একে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানি দূতাবাসগুলো প্রশ্ন তুলেছে, মানবিকতা বিসর্জন দিয়ে কীভাবে এই ধরনের ভয়াবহ হামলাকে সমর্থন করা সম্ভব।

অন্যদিকে, মার্কিন সামরিক তদন্তে এই ঘটনাকে একটি ‘ভুল’ হিসেবে দাবি করা হয়েছে। ওয়াশিংটনের মতে, পুরোনো মানচিত্র ও ভুল তথ্যের কারণে সামরিক ঘাঁটির বদলে ক্ষেপণাস্ত্রটি স্কুলে আঘাত হানে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার জন্য ইরানকেও আংশিক দায়ী করেছেন। পাল্টা জবাবে হামলার ভিডিও প্রকাশ করে আমেরিকাকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়েছে ইরান, যা আন্তর্জাতিক মহলে নতুন করে সংঘাতের আবহ তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *