অর্জুন সিংয়ের পা ছুঁয়ে প্রণাম, দলবদল জল্পনার মাঝেই তৃণমূলের নির্বাচনী কমিটিতে সুনীল সিং – বর্তমান নিউজ

ব্যারাকপুরের রাজনীতিতে ফের চাঞ্চল্য ছড়িয়েছে সুনীল সিংয়ের অবস্থান নিয়ে। সম্প্রতি গারুলিয়ায় রামনবমীর মিছিলে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সঙ্গে তাঁকে কেবল হাঁটতেই দেখা যায়নি, বরং প্রকাশ্যেই অর্জুনের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখা যায়। এই ঘটনার পরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় যে, সুনীল সিং কি ফের বিজেপির পথে পা বাড়াচ্ছেন? যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, টিকিট নিশ্চিত করতেই তিনি অর্জুনের শরণাপন্ন হয়েছেন।
অর্জুনের সঙ্গে এই ঘনিষ্ঠতার ঠিক পরের দিনই বড় পদক্ষেপ নিল ঘাসফুল শিবির। সব জল্পনায় জল ঢেলে সুনীল সিংকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের প্রাক্কালে নেতার দলবদল রুখতেই তৃণমূল এই কৌশলগত চাল চেলেছে। ২০২১ সালে বিজেপির টিকিটে লড়লেও ২০২২ সালে তৃণমূলে ফেরেন সুনীল, তবে তারপর থেকে দলে তাঁর সক্রিয়তা নিয়ে প্রশ্ন ছিল।
দলের নির্বাচনী কমিটিতে জায়গা পেলেও সুনীল সিংয়ের ভবিষ্যৎ অবস্থান নিয়ে ধোঁয়াশা কাটেনি। অতীতে একাধিকবার রাজনৈতিক অবস্থান বদল করা এই নেতার আনুগত্য শেষ পর্যন্ত কোন দিকে থাকবে, তা নিয়ে জল্পনা অব্যাহত। রামনবমীর মিছিলে বিজেপি প্রার্থীর প্রতি তাঁর ভক্তি এবং তৃণমূলের দেওয়া নতুন দায়িত্ব—এই দুইয়ের টানাপোড়েনে ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।