ওয়াংখেড়েতে মুম্বই বনাম কলকাতা মহারণ রোহিতদের হারানোই এখন বড় চ্যালেঞ্জ নাইটদের – বর্তমান নিউজ

আইপিএল ২০২৬-এর হাইভোল্টেজ ম্যাচে রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও তিনবারের খেতাব জয়ী কলকাতা নাইট রাইডার্স। গত কয়েক বছরের ব্যর্থতা ঝেড়ে ফেলে ট্রফি জিততে মরিয়া মুম্বইয়ের নজর থাকবে ফিট রোহিত শর্মার ব্যাটে। অন্যদিকে, গত মরসুমের হতাশা কাটিয়ে ফিন অ্যালেন ও ২৫ কোটির ক্যামেরন গ্রিনকে অস্ত্র করে ঘুরে দাঁড়াতে চাইছে নাইট ব্রিগেড।
মুম্বইয়ের ব্যাটিং ও পেস বিভাগ বেশ শক্তিশালী। রোহিত-কুইন্টন জুটির পাশাপাশি বুমরা ও বোল্টের ‘ডবল ইঞ্জিন’ বোলিং প্রতিপক্ষের জন্য বড় হুমকি। বিপরীতে কলকাতার পেস বিভাগ চোট-আঘাতে জর্জরিত হলেও তাদের প্রধান শক্তি স্পিন আক্রমণ। সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর ঘূর্ণি সামলানো হার্দিক পান্ডিয়ার দলের জন্য কঠিন পরীক্ষা হতে পারে।
অধিনায়কত্বের লড়াইয়ে মুম্বইয়ের হার্দিক ও কলকাতার অজিঙ্ক রাহানের মস্তিস্কের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। পরিসংখ্যান অনুযায়ী, ৩৫ বারের সাক্ষাতে ২৪ বার মুম্বই জিতলেও শেষ ১০টি ম্যাচে দুই দলই ৫টি করে জয় পেয়েছে। ঘরের মাঠে মুম্বই ফেভারিট হিসেবে নামলেও কলকাতার বিধ্বংসী ব্যাটিং লাইনআপ যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে।