তেল না পেয়ে নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ – বর্তমান নিউজ

তেল না পেয়ে নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ – বর্তমান নিউজ

নড়াইলে জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ এক ট্রাকচালকের বিরুদ্ধে ফিলিং স্টেশন ম্যানেজারকে পিষে মারার লোমহর্ষক অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় মেসার্স তানভীর ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। নিহত নাহিদ সর্দার (৩৩) ওই পাম্পের ম্যানেজার এবং তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক ট্রাকচালক সুজাত পাম্পে তেল নিতে এলে মজুত না থাকায় ম্যানেজার তাকে ফিরিয়ে দেন। এ নিয়ে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুজাত ম্যানেজারকে ট্রাকের নিচে চাপা দেওয়ার হুমকি দেয়। পরে নাহিদ সর্দার কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ঘাতক চালক পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে তাকে পিষে দেয়।

ঘটনাস্থলেই নাহিদ সর্দারের মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা জিহাদুল ইসলাম গুরুতর আহত হন। নড়াইল থানার ওসি মো. ওলি মিয়া জানান, অভিযুক্ত চালক ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে গেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘাতককে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। এই নৃশংস ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *