ভোটের মুখে তৃণমূলে বড় ‘মাস্টারস্ট্রোক’, দলে ফিরেই জেলা সম্পাদকের দায়িত্বে রাজেশ ছেত্রী – বর্তমান নিউজ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর জলপাইগুড়ি জেলায় রাজনৈতিক সমীকরণ বদলে দিল তৃণমূল কংগ্রেস। দলের সঙ্গে সাময়িক দূরত্ব ঘুচিয়ে সসম্মানে ঘরে ফিরলেন বাগরাকোটের দাপুটে নেতা তথা প্রাক্তন অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী। তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণার আবহে রাজেশের এই ‘ঘরওয়াপসি’ গেরুয়া শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। দলে ফেরার পরেই তাঁর হাতে জেলা কমিটির সম্পাদকের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজেশের নেতৃত্বেই বাগরাকোট অঞ্চলে বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের ব্যবধান ৯ হাজার থেকে কমে মাত্র ৩৫০-এ দাঁড়িয়েছিল। তাঁর এই ভোট ম্যানেজমেন্ট দক্ষতা এবং সাংগঠনিক শক্তির কথা মাথায় রেখেই শীর্ষ নেতৃত্বের সম্মতিতে তাঁকে পুনরায় দলে ফেরানো হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে অভ্যন্তরীণ অস্থিরতার অভিযোগে তাঁকে পদ থেকে সরানো হয়েছিল। তবে আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যেই এই পুরনো সেনাপতিকে আবারও ময়দানে নামাল শাসকদল।
রাজেশ ছেত্রীর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাগরাকোটের মিনা মোড় এলাকায় তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। বাজি ফাটিয়ে ও আবির খেলে উৎসবের মেজাজে মেতে ওঠেন সমর্থকরা। দায়িত্ব পেয়েই রাজেশ জানান, তাঁর একমাত্র লক্ষ্য বিধায়ক বুলুচিক বরাইককে চতুর্থবারের জন্য বিধানসভায় পাঠানো। চা-বাগান ঘেরা এই অঞ্চলে তৃণমূলের মাটি কামড়ানো লড়াই এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।