আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের, ভারতের সঙ্গে সুসম্পর্কই লক্ষ্য তারেক সরকারের – বর্তমান নিউজ

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারের ওপর থেকে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে নবনির্বাচিত তারেক রহমানের সরকার। শনিবার টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন জানিয়েছেন, খেলাধুলা নিয়ে কোনো রাজনীতি করতে চায় না বর্তমান প্রশাসন। কোনো চ্যানেল আইপিএল সম্প্রচারের আবেদন করলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।
পূর্ববর্তী মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার আইপিএল সম্প্রচার, বিজ্ঞাপন এবং প্রচারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল। মূলত কেকেআর থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া এবং দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের জেরে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই পুরোনো নিষেধাজ্ঞাকে গুরুত্বহীন বলে ঘোষণা করেছে।
রাজনৈতিক পালাবদলের পর থেকেই ভারতের সঙ্গে সুসম্পর্ক পুনরুদ্ধারে সচেষ্ট ঢাকা। যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক আগেই জানিয়েছিলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই তাদের অগ্রাধিকার। আইপিএল সম্প্রচারের এই সবুজ সংকেতকে দুই প্রতিবেশী দেশের মধ্যে ‘ক্রিকেট কূটনীতি’র মাধ্যমে বরফ গলানোর একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।