ন্যূনতম বিশ্রামের দাবিতে সরব লোকো পাইলটরা, বড় আন্দোলনের হুঁশিয়ারি – বর্তমান নিউজ

রেল চালকদের পর্যাপ্ত বিশ্রাম ও সাপ্তাহিক ছুটির আইনি অধিকার লঙ্ঘনের প্রতিবাদে দিল্লিতে এক বিশাল সমাবেশ করেছে ‘অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন’। শনিবারের এই সমাবেশে লোকো পাইলটরা অভিযোগ করেন, দিনে ১৬ ঘণ্টার বিশ্রাম এবং সপ্তাহে অন্তত ৩০ ঘণ্টার কর্মবিরতির নিয়ম থাকলেও সরকার তা মানছে না। চালকদের ওপর অমানবিক পরিশ্রম চাপিয়ে দিয়ে তাঁদের কার্যত শোষণ করা হচ্ছে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়।
আন্দোলনকারীদের মতে, দেশজুড়ে প্রায় ৩৯ হাজার লোকো পাইলটের পদ শূন্য থাকায় বর্তমান কর্মীদের ওপর কাজের চাপ কয়েক গুণ বেড়েছে। ছুটির আবেদন করলে বিভাগীয় তদন্তের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এমনকি ডিজিসিএ-র স্পষ্ট নির্দেশিকা এবং আদালতের পর্যবেক্ষণ থাকা সত্ত্বেও রেল কর্তৃপক্ষ চালকদের বিশ্রামের ন্যূনতম সময়টুকু দিচ্ছে না। বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ না করে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে।
বিশ্রামহীন দীর্ঘ ডিউটি রেলের যাত্রী সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে। লোকো পাইলটরা সতর্ক করে দিয়েছেন যে, পর্যাপ্ত বিশ্রাম না পেলে মানসিক ও শারীরিক ক্লান্তির কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সমস্যার দ্রুত সমাধান না হলে এবং রেলের যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে চালকরা আগামীতে দেশজুড়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন।