সেনাসঙ্কটে বিপর্যস্ত ইজ়রায়েল, ভেঙে পড়তে পারে আইডিএফ-এর প্রতিরোধ ক্ষমতা – বর্তমান নিউজ

দীর্ঘমেয়াদি বহুমুখী যুদ্ধের চাপে ইজ়রায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) চরম জনবল সঙ্কটে ভুগছে। সম্প্রতি নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সতর্ক করে জানিয়েছেন, বর্তমানে বাহিনীতে প্রায় ১২,০০০ সৈন্যের ঘাটতি রয়েছে, যার মধ্যে ৭,০০০ জনই সরাসরি রণক্ষেত্রের যোদ্ধা। ক্রমাগত অভিযানের ফলে সেনাদের ওপর তৈরি হওয়া শারীরিক ও মানসিক চাপের কারণে সামরিক কাঠামো যেকোনো সময় তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সেনাপ্রধানের মতে, শুধু উন্নত অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ জয় সম্ভব নয়, পর্যাপ্ত সেনাসদস্যও অপরিহার্য। বর্তমানে ইজ়রায়েলকে ইরান, লেবানন ও গাজ়াসহ মোট সাতটি ফ্রন্টে লড়াই করতে হচ্ছে। এই পরিস্থিতিতে সংরক্ষিত বা রিজ়ার্ভ বাহিনীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় অনেক সেনাকে ইতিমধ্যে ৬-৭ বার তলব করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বাড়ানো এবং নতুন নিয়োগ আইন প্রণয়নের ওপর জোর দিয়েছেন প্রতিরক্ষা প্রধান।
এই সামরিক সঙ্কট ইজ়রায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও অস্থিরতা তৈরি করেছে। বিশেষ করে ‘আল্ট্রা-অর্থোডক্স’ ইহুদিদের সেনাবাহিনীতে যোগদান নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার প্রবল চাপের মুখে। বিরোধীরা পর্যাপ্ত সৈন্য ও রণকৌশল ছাড়াই বাহিনীকে যুদ্ধে পাঠানোর জন্য সরকারকে কাঠগড়ায় তুলেছে। অন্যদিকে, প্রতিপক্ষ ইরান ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে এবং নতুন সৈন্য নিয়োগ করে নিজেদের শক্তি বৃদ্ধি করছে, যা তেল আভিভের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।