জমি দখল ও আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতায় ইডির ম্যারাথন তল্লাশি – বর্তমান নিউজ

শনিবার ভোর থেকে কলকাতা ও সংলগ্ন এলাকার অন্তত আটটি স্থানে একযোগে অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বালিগঞ্জ প্লেসসহ বিভিন্ন এলাকায় এক ব্যবসায়ী ও নির্দিষ্ট একটি সংস্থার আধিকারিকদের বাড়ি ও দফতরে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। মূলত বেআইনিভাবে জমি দখল এবং প্রকল্পের নামে সাধারণ মানুষকে প্রতারণা করার অভিযোগে দায়ের হওয়া একাধিক এফআইআর-এর ভিত্তিতেই এই সক্রিয়তা।
তল্লাশিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তায় নথিপত্র, জমির দলিল ও আর্থিক লেনদেনের খতিয়ান খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ১৬ থেকে ১৭টি মামলার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকদের দ্রুত জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। ইতিপূর্বেও কয়লা পাচার ও আইপ্যাক সংক্রান্ত মামলায় রাজ্যে কেন্দ্রীয় সংস্থার তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল।
রাজ্যে বিধানসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি কার্যকর থাকা অবস্থায় ইডির এই অভিযান ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণের আগে এই তল্লাশি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আইপ্যাক দফতরে সাম্প্রতিক ঘটনার পর সুপ্রিম কোর্টে চলমান আইনি লড়াইয়ের আবহে এই নতুন অভিযান তদন্তের গতিপ্রকৃতিতে ভিন্ন মাত্রা যোগ করল।