এলপিজি সঙ্কট মোকাবিলায় বড় পদক্ষেপ, ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে কেন্দ্র – বর্তমান নিউজ
বিশ্বজুড়ে এলপিজি গ্যাসের ক্রমবর্ধমান সঙ্কট ও মূল্যবৃদ্ধির উদ্বেগের মাঝে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বড় উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারি সংস্থা ‘এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড’ (EESL) ধাপে ধাপে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ বাজারে আনার পরিকল্পনা করেছে। ‘ন্যাশনাল এফিসিয়েন্ট কুকিং প্রোগ্রাম’-এর আওতায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বিদ্যুৎচালিত রান্নার প্রচারেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইইএসএল সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই ১ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভের অর্ডার দেওয়া হয়েছে এবং শীঘ্রই আরও ৫ লক্ষ ইউনিটের জন্য নতুন টেন্ডার ডাকা হবে। এই উন্নতমানের ১২০০ ওয়াটের ইন্ডাকশনে এনার্জি ডিসপ্লে ও চাইল্ড সেফটি লকের মতো আধুনিক ফিচার থাকবে। সরকারের ই-কমার্স প্ল্যাটফর্ম ‘EESLmart.in’ থেকে সাধারণ মানুষ এই ইন্ডাকশনগুলি সংগ্রহ করতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, ইন্ডাকশনে রান্না করলে এলপিজির তুলনায় প্রায় ২০ থেকে ৩০ শতাংশ খরচ সাশ্রয় হয়। এছাড়া এটি পরিবেশবান্ধব এবং কার্বন নিঃসরণ কমাতেও সহায়ক। ইরান-আমেরিকা সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে রান্নার গ্যাসের জোগানে টান পড়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা মোকাবিলায় এই ‘গো ইলেকট্রিক’ অভিযান আমজনতার জন্য কার্যকর বিকল্প হয়ে উঠবে।