ভোটার ভাগ্য কি ঝুলেই থাকবে? মনোনয়ন শুরুর আগে পশ্চিম বর্ধমানে তীব্র উদ্বেগ – বর্তমান নিউজ

আগামী সোমবার থেকে পশ্চিম বর্ধমান জেলার ৯টি বিধানসভা আসনে মনোনয়ন প্রক্রিয়া শুরু হতে চলেছে। তবে এই আবহে ১ লক্ষ ৩৭ হাজার ৫৩৯ জন ভোটারের নাম এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন থাকায় জেলাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উদ্বেগ। প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ১৩ হাজার মামলার নিষ্পত্তি হলেও ৬ হাজার ৮৩৪ জনের নাম বাদ পড়েছে এবং যুক্ত হয়েছে ৪৯৬০টি নাম। ২৩ এপ্রিল নির্বাচনের আগে সমস্ত বিচারাধীন ভোটারের নাম নথিভুক্ত হবে কি না, তা নিয়ে প্রশাসনিক মহলে সদুত্তর মেলেনি।
যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা ট্রাইব্যুনালে অনলাইন বা সরাসরি জেলাশাসক ও মহকুমা শাসকের দফতরে আপিল করতে পারবেন। এদিকে মনোনয়ন পর্বের জন্য আসানসোল ও দুর্গাপুরের নির্দিষ্ট সরকারি দপ্তরগুলিতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং দুর্গাপুর গভর্মেন্ট কলেজকে ভোট গণনার কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জেলায় বর্তমানে ২৬৬টি বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ২৪৩টি বুথ সম্পূর্ণ মহিলা পরিচালিত হবে এবং একটি বুথের দায়িত্বে থাকবেন বিশেষ চাহিদা সম্পন্ন কর্মীরা। জেলাশাসক পোন্নমবলম এস জানিয়েছেন, সাধারণ মানুষ যাতে নির্ভয়ে এবং বাধামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য প্রশাসন বদ্ধপরিকর।