নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন প্রধানমন্ত্রীর, প্রতি দুই মিনিটে উড়বে বিমান – বর্তমান নিউজ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার উত্তরপ্রদেশের জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে প্রধানমন্ত্রী জানান, এই মেগা প্রকল্পটি পশ্চিম উত্তরপ্রদেশের যোগাযোগ ও অর্থনৈতিক মানচিত্র বদলে দেবে। এখান থেকে প্রতি দুই মিনিট অন্তর বিমান চলাচলের ব্যবস্থা থাকবে, যা দিল্লি বিমানবন্দরের ওপর যাত্রীচাপ কমিয়ে নয়ডা, আগ্রা ও মেরঠসহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষের যাতায়াত সহজতর করবে।
এই বিমানবন্দরের মাধ্যমে কয়েক কোটি যাত্রী উপকৃত হবেন এবং এটি উত্তর ভারতকে বিশ্বের সঙ্গে যুক্ত করবে। প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রথম পর্যায়ে বছরে ১.২ কোটি যাত্রী পরিষেবা পাবেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রকল্পটি ২০০৩ সালে অনুমোদিত হলেও পূর্ববর্তী সরকারের অনীহায় থমকে ছিল; বিজেপি ক্ষমতায় আসার পরই এর কাজ দ্রুত সম্পন্ন হয়েছে। এছাড়া এটি কৃষক ও যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
বিশ্বমানের এই বিমানবন্দরে ২০ একর জুড়ে আধুনিক ‘গ্রাউন্ড ট্রান্সপোর্ট সেন্টার’ তৈরি করা হয়েছে। এটি যমুনা এক্সপ্রেসওয়ে ও জাতীয় সড়কের সঙ্গে সরাসরি যুক্ত, যা দিল্লি ও এনসিআর থেকে যাতায়াতকে আরও আরামদায়ক করবে। ২০৫০ সালের মধ্যে বিমানবন্দরটির বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ১৫ কোটিতে উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। উদ্বোধনী মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় সরকারের দৃঢ় অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।