গোমুখ থেকে গঙ্গাসাগর: সমুদ্র সৈকত দূষণমুক্ত রাখতে সাইকেলে হাজার কিমি পাড়ি বারাণসীর যুবকের – বর্তমান নিউজ

গোমুখ থেকে গঙ্গাসাগর: সমুদ্র সৈকত দূষণমুক্ত রাখতে সাইকেলে হাজার কিমি পাড়ি বারাণসীর যুবকের – বর্তমান নিউজ

গঙ্গার উৎসস্থল গোমুখ থেকে যাত্রা শুরু করে দীর্ঘ চার মাস পর মোহনা গঙ্গাসাগরে এসে পৌঁছালেন উত্তরপ্রদেশের বারাণসীর যুবক শুভম পাল। সমুদ্র সৈকতকে দূষণমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সামাজিক বার্তা নিয়ে গত ডিসেম্বর মাসে সাইকেলে দেশ ভ্রমণে বের হন তিনি। গুজরাট থেকে শুরু হওয়া এই দীর্ঘ যাত্রাপথে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে কপিলমুনির পুণ্যধামে এসে তাঁর এই বিশেষ অভিযান সম্পন্ন হলো।

যাত্রাপথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও সাইকেল মেরামতের সরঞ্জাম সঙ্গে নিয়ে একাই পথ চলেছেন শুভম। বিভিন্ন উপকূলীয় অঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সমুদ্র রক্ষার গুরুত্ব তুলে ধরেছেন তিনি। পশ্চিমবঙ্গে এসে পৌঁছানোর পর তিনি জানতে পারেন রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এই আবহে রাজনৈতিক দলের কর্মীদের কাছেও সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখার আর্জি জানিয়ে নিজের লক্ষ্যকে আরও প্রাসঙ্গিক করে তুলেছেন তিনি।

কাকদ্বীপে পৌঁছে শুভমবাবু জানান, গঙ্গার উৎস থেকে মোহনা পর্যন্ত এই যাত্রায় তিনি উপকূলীয় মানুষের ব্যাপক সাড়া পেয়েছেন। পথে কয়েকবার সাইকেল বিকল হলেও নিজস্ব যন্ত্রপাতির সাহায্যে তা সারিয়ে গন্তব্যে অবিচল ছিলেন তিনি। পরিবেশ রক্ষার এই কঠিন সংকল্প নিয়ে গঙ্গার পবিত্র মোহনায় এসে তাঁর এই সচেতনতামূলক প্রচার এক অনন্য মাত্রা পেয়েছে। স্থানীয় বাসিন্দারা তাঁর এই নিঃস্বার্থ প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *