দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকাতেও বাদ বহু মতুয়া: বনগাঁয় তীব্র ক্ষোভ ও অনিশ্চয়তা – বর্তমান নিউজ

এসআইআরের প্রথম তালিকার পর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকাতেও নাম বাদ পড়ল বনগাঁর হাজার হাজার মতুয়া সম্প্রদায়ের মানুষের। বনগাঁ দক্ষিণ বিধানসভার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ১৭৩ নম্বর বুথে ১৮৬ জন বিচারাধীন ভোটারের মধ্যে ১৮৩ জনের নামই চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছে। এই ঘটনায় সীমান্ত সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অধিকাংশ ভুক্তভোগীই মতুয়া সম্প্রদায়ের হওয়ায় তাঁদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
ভুক্তভোগী বাসিন্দাদের দাবি, অনেকের কাছেই এ দেশে আসার বৈধ বর্ডার স্লিপ এবং ১৯৮৮ সালের ভোটার তালিকার নথি থাকা সত্ত্বেও তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। অনেক পরিবারে একাধিক সদস্যের নাম তালিকা থেকে বাদ পড়ায় তাঁরা নাগরিকত্ব হারানোর ভয়ে আতঙ্কিত। স্থানীয়দের অভিযোগ, হিন্দু নাগরিকদের নাম বাদ যাবে না বলে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বাগদা এলাকার বহু বাসিন্দার নামও এই সাপ্লিমেন্টারি তালিকায় স্থান পায়নি।
ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় কেন্দ্রের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। সন্তানদের ভবিষ্যৎ এবং আইনি পরিচয় নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন তাঁরা। ক্ষতিগ্রস্তদের দাবি, অবিলম্বে তাঁদের নাগরিকত্বের সমস্যার স্থায়ী সমাধান করতে হবে এবং বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও কেন নাম বাদ গেল, তার সদুত্তর দিতে হবে প্রশাসনকে। বনগাঁ ও সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই উত্তাপ বাড়ছে।