আইফোনের লকডাউন মোড: সাইবার আক্রমণ রুখতে অ্যাপলের অজেয় কবচ – বর্তমান নিউজ

২০২২ সালে প্রবর্তিত অ্যাপলের ‘লকডাউন মোড’ বর্তমানে আইফোন ব্যবহারকারীদের জন্য সাইবার নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম শক্তিশালী হাতিয়ার। বিশেষত সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং সমাজকর্মীদের লক্ষ্য করে তৈরি এই ফিচারটি স্পাইওয়্যার আক্রমণ প্রতিরোধে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিকিউরিটি ল্যাবের মতে, এই মোড সক্রিয় থাকাকালীন আইফোনে কোনো সফল হ্যাকিং বা অনুপ্রবেশের ঘটনা লক্ষ্য করা যায়নি।
লকডাউন মোড সক্রিয় হলে ডিভাইসের বিভিন্ন অ্যাপ, সার্ভিস এবং নেটওয়ার্ক সংযোগের কার্যকারিতা সীমিত হয়ে যায়। এটি মূলত মেসেজ অ্যাটাচমেন্ট, লিংক প্রিভিউ, অজানা ফেসটাইম কল এবং অসুরক্ষিত ওয়াই-ফাই সংযোগ ব্লক করে দেয়। ওয়েব ব্রাউজিংয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের মাধ্যমে এটি হ্যাকারদের আক্রমণের পথগুলো সংকুচিত করে ফেলে, ফলে স্পাইওয়্যার ইনস্টল করা প্রায় আসাম্ভব হয়ে পড়ে।
এই সুরক্ষা ফিচারটি ব্যবহার করতে আইফোনের সেটিংস থেকে ‘প্রাইভেসি ও সিকিউরিটি’ বিভাগে গিয়ে ‘লকডাউন মোড’ নির্বাচন করতে হবে। এরপর ‘টার্ন অন’ অপশনে ক্লিক করে ডিভাইসটি রিস্টার্ট করলেই নিরাপত্তা ব্যবস্থাটি কার্যকর হয়। সাধারণ ব্যবহারকারীদের জন্য কিছুটা সীমাবদ্ধতা তৈরি করলেও, উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা রক্ষায় এই ফিচারটি বর্তমানে অপরিহার্য ও নির্ভরযোগ্য সমাধান।