ভবানীপুরে শুভেন্দুর বিরুদ্ধে বেআইনি নির্মাণ ও হুমকির অভিযোগ, নির্বাচন কমিশনকে চিঠি সুব্রত বক্সীর – বর্তমান নিউজ

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উত্তেজনা তুঙ্গে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অবৈধভাবে নির্বাচনী কার্যালয় নির্মাণের অভিযোগ তুলে ভারতের নির্বাচন কমিশনকে কড়া চিঠি দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। অভিযোগ, কলকাতা পুরসভার ‘স্টপ ওয়ার্ক’ নোটিস ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অরফ্যানগঞ্জ রোডের একটি বিতর্কিত জমিতে জোরপূর্বক বাঁশের কাঠামো তৈরি করছে বিজেপি। এই নির্মাণকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে।
তৃণমূলের দাবি, স্থানীয় পুলিশ এই বেআইনি কাজ রুখতে গেলে শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে পৌঁছে তাঁদের হুমকি দেন এবং নির্বাচনের পর ‘দেখে নেওয়ার’ হুঁশিয়ারি দেন। চিঠিতে জানানো হয়েছে, লরি বোঝাই নির্মাণ সামগ্রী নিয়ে এসে জোর করে কাজ চালানো হচ্ছে, যা আদর্শ আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। শাসকদলের মতে, পরাজয়ের ভয়ে বিজেপি পরিকল্পিতভাবে এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, যার ফলে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
পাল্টা জবাবে বিজেপি নেতা ইন্দ্রজিৎ খটিক তৃণমূলের অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা ও পরাজয়ের আতঙ্ক বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ তৃণমূলকে ভীত করে তুলেছে বলেই তারা বাধা সৃষ্টি করছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ নির্মাণ বন্ধে কমিশনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। বর্তমানে আলিপুর থানার এই ঘটনাকে কেন্দ্র করে ভবানীপুরের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত।