ভোটার তালিকায় ব্যাপক গরমিল, বসিরহাটে ৫০৮ জনের নাম বাদ যাওয়ায় রাস্তা অবরোধে গ্রামবাসীরা – বর্তমান নিউজ

বসিরহাটের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপনগর গ্রামে ভোটার তালিকা থেকে ব্যাপক হারে নাম বাদ পড়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে, ১১ নম্বর বুথের মোট ১১৯৩ জন ভোটারের মধ্যে ৫০৮ জনের নামই সাম্প্রতিক তালিকায় খুঁজে পাওয়া যায়নি। এক ধাক্কায় প্রায় অর্ধেক ভোটারের নাম গায়েব হওয়ার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিক্ষোভকারীদের দাবি, তালিকায় নাম না থাকার বিষয়টি জানার পর তারা বিএলও (BLO) থেকে শুরু করে ইআরও (ERO) দপ্তর পর্যন্ত একাধিক স্তরে ডেপুটেশন জমা দিয়েছেন। তবে কোনো স্তরেই সদুত্তর না মেলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা শনিবার স্বরূপনগর-নগরকচুয়া রোড অবরোধ করেন। অভিযোগ উঠেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষকদের নামও পরিকল্পিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে আন্দোলনকারীরা অবিলম্বে প্রতিটি নাম ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই বিক্ষোভের জেরে এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *