রাজ্য নির্বাচন কমিশনের দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ, বাদ পড়ল বিপুল সংখ্যক ভোটারের নাম – বর্তমান নিউজ
পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন বিবেচনাধীন বা ‘আন্ডার অ্যাডজুডিকশন’ ভোটারদের দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে। গত সোমবার ১০ লক্ষ ভোটারের প্রথম তালিকা প্রকাশের পর, শুক্রবার রাতে আরও ১২ লক্ষ ভোটারের নাম ঘোষণা করা হলো। দুই দফায় মোট ২২ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারিত হলেও এখনও প্রায় ২৩ লক্ষ আবেদনকারীর নামের নিষ্পত্তি হওয়া বাকি রয়েছে।
কমিশন সূত্রে খবর, এ পর্যন্ত প্রায় ৩৭ লক্ষ অভিযোগের নিষ্পত্তি করেছেন জুডিশিয়াল অফিসাররা। তবে ই-সাইন সংক্রান্ত জটিলতার কারণে প্রায় ৭ লক্ষ নাম এখনও তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই প্রক্রিয়ায় বাতিল হওয়া নামের হার প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ। অর্থাৎ, সব মিলিয়ে প্রায় ১৪ লক্ষের কাছাকাছি আবেদনকারীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।
বাকি নামগুলোর বিষয়ে আগামী সোমবারের মধ্যে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে কমিশন। সূত্রের খবর, স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকে প্রতিদিন তালিকা প্রকাশের পরিকল্পনা করা হচ্ছে। পরবর্তী তালিকায় কতজন নতুন ভোটারের নাম যুক্ত হয় এবং কতজন বাদ পড়েন, এখন সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।