জিতের ‘অনন্ত’র দুনিয়ায় এবার সৃজলার উষ্ণতা, বিশেষ গানে নজর কাড়বেন ছোটপর্দার নায়িকা – বর্তমান নিউজ

অভিনেতা জিৎ অভিনীত এবং পথিকৃৎ বসু পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এ যুক্ত হলেন ছোটপর্দার পরিচিত মুখ সৃজলা গুহ। ব্রিটিশ বিরোধী বিপ্লবী অনন্ত লাল সিংহের জীবনভিত্তিক এই বায়োপিকে একটি বিশেষ আইটেম ড্যান্সে পারফর্ম করতে দেখা যাবে তাঁকে। জিতের দুর্ধর্ষ অ্যাকশন ও দেশপ্রেমের আবহে সৃজলার এই উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হতে চলেছে।
ইতিমধ্যেই মুক্তিপ্রাপ্ত ছবির টিজার ও অফিসিয়াল পোস্টার ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। টিজারে ব্রিটিশদের অত্যাচার এবং তার বিরুদ্ধে অনন্ত সিংহের রুখে দাঁড়ানোর ঝলক দেখা গিয়েছে। পোস্টারে জিতের নয়টি ভিন্ন লুক এবং ছদ্মবেশ ধারণের ক্ষমতা প্রকাশ পেয়েছে, যা আকাশবাণী কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই গল্পের রহস্য ও উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
বিপ্লবী ও দুর্ধর্ষ ডাকাত হিসেবে পরিচিত অনন্ত লাল সিংহের এই রোমাঞ্চকর জীবনকাহিনী বড়পর্দায় আসছে আগামী ২৭ মে। গরমের ছুটিতে মুক্তি পেতে চলা এই ছবিটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। জিতের মারকুটে মেজাজ এবং সৃজলার নাচের তাল— সব মিলিয়ে বক্স অফিসে নতুন ধামাকার অপেক্ষায় রয়েছেন চলচ্চিত্র প্রেমীরা।