১২ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের দায়ে আফগান শরণার্থী মুলাখিলের ১৬ বছরের কারাদণ্ড – বর্তমান নিউজ

ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারে ১২ বছর বয়সী এক শিশুকে অপহরণ ও নৃশংসভাবে ধর্ষণের দায়ে ২৩ বছর বয়সী আফগান আশ্রয়প্রার্থী আহমদ মুলাখিলকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে ওয়ারউইক ক্রাউন কোর্ট। গত গ্রীষ্মে নুনেটনের একটি আবাসিক গলির কাছে ওই শিশুকে অপহরণের পর শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানি করে মুলাখিল। আদালত তাকে ধর্ষণ, যৌন নিপীড়ন এবং অপরাধের ভিডিও ধারণসহ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। সাজা অনুযায়ী, প্যারোলে মুক্তির আবেদনের আগে তাকে অন্তত ১৫ বছর কারাগারে কাটাতে হবে।
যুক্তরাজ্যে ছোট নৌকায় করে পৌঁছানোর মাত্র চার মাস পরেই মুলাখিল এই জঘন্য অপরাধ সংগঠিত করে। বিচারক ক্রিস্টিনা মন্টগোমারি রায়ে উল্লেখ করেন, ভুক্তভোগী শিশুটি মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত সমস্যায় ভুগছে। অভিযুক্ত নিজের পক্ষে দাবি করেছিল যে সে মেয়েটিকে প্রাপ্তবয়স্ক ভেবেছিল, তবে তদন্তে তার পৈশাচিক আচরণের প্রমাণ মেলে। এই ঘটনার সময় পার্কে দোলনায় খেলারত শিশুটিকে অপহরণে মুলাখিলের সাথে মোহাম্মদ কবির নামে অন্য এক আফগান নাগরিকও জড়িত ছিল।
তদন্তকারী কর্মকর্তা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর কোলেট ও’কিফ ভুক্তভোগীর সাহসিকতার প্রশংসা করে বলেন, মুলাখিলের এই কর্মকাণ্ড সামাজিক মূল্যবোধের চরম লঙ্ঘন। এদিকে রায় ঘোষণার সময় আদালতের বাইরে বিপুল সংখ্যক বিক্ষোভকারী জড়ো হয়ে অবৈধ অভিবাসন বন্ধের দাবিতে সরব হন। অভিযুক্ত মুলাখিল আফগানিস্তানে অর্থনীতি নিয়ে পড়ার পরিকল্পনা করলেও তালেবানদের ভয়ে দেশ ছেড়েছিল বলে তার আইনজীবীরা জানান। বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সাজা ভোগের জন্য কারাগারে পাঠানো হয়েছে।